দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় পদ্মায় বাস, দুইজনের মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় পদ্মায় বাস, দুইজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চালাতে ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ঘাটে এসে পৌঁছায়। সে সময় একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পর ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি এসে জোরে পন্টুনে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

তিনি বলেন, চোখের সামনে বাসটি নদীতে পড়ে গেলেও তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ ছিল না। বাসে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। কয়েকজন যাত্রী সাঁতরে বা ভেসে উঠতে পারলেও অধিকাংশই বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বাসটি উদ্ধারে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, তারা উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *