দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে মাত্র ২৬ দিনের ব্যবধানে নিশ্চিত সংক্রমণ ও উপসর্গ মিলিয়ে ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত সংক্রমণে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই অবস্থান করছে রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ১৫০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৫০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
