মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নসহ অন্যান্য স্থানে চুরি, ডাকাতি এবং মাদক সম্পর্কিত কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের অভিমত, কিছু নির্দিষ্ট এলাকা এবং গুচ্ছগ্রামের মধ্যে অপরাধীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
এলাকার বাসিন্দাদের দাবি, সম্প্রতি ঘরে ঘরে চুরি, সাইকেল, ভ্যান ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ছিনতাই ও মাদক ব্যবসার প্রসার নিয়ে। সন্ধ্যার পর অনেক এলাকা মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে ভয় পাচ্ছে বলেও জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানাচ্ছেন, কর্মসংস্থানের অভাব ও বেকারত্বের কারণে অনেক যুবক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর ফলস্বরূপ সামাজিক স্থিতিশীলতা এবং জননিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা বিশেষভাবে গুচ্ছগ্রামের জন্য উদ্বেগজনক। পর্যাপ্ত নজরদারি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অভাব পরিস্থিতিকে আরও ক্ষতিকর করেছে বলে দাবী রয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনগণ প্রশাসনের থেকে অধিক সক্রিয় পদক্ষেপের আশা করেছেন। তারা নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানোর, মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এলাকা বাসীরা উল্লেখ করেছেন, তারা একটি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক জীবনযাপন করতে ইচ্ছুক। এজন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সরকারের উর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন।
সাধারণ জনগণের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নসহ অন্যান্য অঞ্চলে আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং জনগণের সুরক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত হবে।
