বিশ্বনাথে অপমৃত্যু মামলা নিয়ে মানববন্ধন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

বিশ্বনাথে অপমৃত্যু মামলা নিয়ে মানববন্ধন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাজমিনা বেগম (২২) নামে এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে অপমৃত্যু মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলে বুধবার বিকেলে পৌর শহরের বাসিয়া সেতুর ওপর এ কর্মসূচি পালন করেন শ্রীধরপুর ও কাউপুর গ্রামের বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী রাজমিনা বেগমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা থানার এক এসআইয়ের বিরুদ্ধে নানা স্লোগানও দেন।

রাজমিনার চাচা আব্দুল আলী অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ তার ভাইকে থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং পরে সেটি ব্যবহার করে অপমৃত্যুর মামলা করা হয়। তিনি দাবি করেন, পরিবার হত্যার অভিযোগে মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি।

নিহতের বাবা কৃষক রশিদ আলী বলেন, মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা করতে গেলে পুলিশের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়। তার অভিযোগ, অভিযুক্তদের আড়াল করতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পর সন্দেহভাজন কয়েকজন এলাকা ছেড়ে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আরও সন্দেহ তৈরি হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিশ্বনাথ থানা-এর এসআই জহিরুল ইসলাম বলেন, তিনি মামলার তদন্ত কর্মকর্তা নন এবং অভিযোগকারীর সঙ্গে তার সরাসরি কথাও হয়নি। অন্যদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, স্বাক্ষর জাল করে মামলা নেওয়ার অভিযোগ সঠিক নয় এবং বিষয়টি তিনি নিজেই তদন্ত করছেন।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপজেলার কাউপুর গ্রামে একটি গাছ থেকে রাজমিনা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২১ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।