৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ভিড়

৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ভিড়

দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুরু হলে নিরাপত্তার অজুহাতে মুসলমানদের অন্যতম পবিত্র এই স্থানটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপর টানা ৪০ দিন সাধারণ মুসল্লিদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ছিল।

এর ফলে জেরুজালেমের মুসলমানরা এবারের রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা ও নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও মসজিদের ভেতরে আদায়ের সুযোগ থেকে তারা বঞ্চিত হন। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় অনেক মুসল্লি বাইরে ও আশপাশের সড়কে নামাজ আদায় করতে বাধ্য হন।

তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে মসজিদটি খুলে দেওয়া হয়। এরপর ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা দলে দলে সেখানে প্রবেশ করেন।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভোরের আলো ফুটতেই হাজারো মানুষ আবেগঘন পরিবেশে মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ সময় পর সেখানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দের অশ্রু ঝরতে দেখা যায়।

রমজানজুড়ে মসজিদ বন্ধ থাকায় বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন আরব ও মুসলিম দেশ এই সিদ্ধান্তকে ধর্মীয় অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *