রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
তাদের থাকার জায়গা নেই বলেই নদীর পাড়ে ঠাঁই নিয়েছে টানা বৃষ্টি এবং উজান থেকে প্রবাহিত ঢল ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে ভয়াবহ নদীভাঙন ঘটছে।
নদীর তীব্র স্রোতে তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি বিলীন হতে শুরু করেছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে খোলা আকাশের নিচে কঠিন জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। কিছু পরিবার সাময়িকভাবে নদীর পাড়েই আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবরও পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষা এলেই নদীভাঙনের ভয় নিয়ে দিন কাটাতে হয়। এবার ভাঙনের তীব্রতা এত বেশি যে মুহূর্তের মধ্যে বসতঘর নদীর ভেতরে চলে যাচ্ছে। অনেক পরিবার তাদের ঘরের জিনিসপত্র নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আশ্রয়ের অভাবে নদীর পাড়েই অবস্থান নিতে হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, দ্রুত নদীভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিয়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্থানীয়রা বলছেন, সময়মতো স্থায়ী প্রতিরক্ষা বাঁধ না তৈরি করলে আরও অনেক বাড়ি ও কৃষিজমি নদীর ভেতরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

