শেরপুরে টেকসই কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা

শেরপুরে টেকসই কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা

আল মুনতাকিম:

এ কর্মশালায় প্রধান বক্তা ছিলেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। তিনি সাধারণ কৃষকদের উদ্দেশ্যে জানান, মাত্র ৬৩ টাকায় সরকারি খরচে মাটি পরীক্ষা করা সম্ভব।

এর ফলে সঠিক পরিমাণ সার ব্যবহার করে অপ্রয়োজনীয় খরচ কমানো যেতে পারে। তিনি বললেন, ভালো বীজের ফলে ফলনও ভালো হয়, তাই কৃষকদের উচিত ভালো বীজের মান যাচাই করা। তিনি আরও বলেন, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা জন্য রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশকের অতিরিক্ত ব্যবহার রোধ করা দরকার। বিকল্প হিসেবে, জৈব সার এবং পোকামাকড় নিয়ন্ত্রণে প্রাকৃতিক ফাঁদের ব্যবহার করার আহ্বান জানান তিনি।

কর্মশালাটি শুরু করে ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো: ফেরদৌস আলম বীজ ও জৈব বালাইনাশকের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার জাহিদুল ইসলামের সহায়তায় এই কর্মশালায় অংশগ্রহণ করেন ব্র্যাক সিডের পরিবেশকবৃন্দ, স্থানীয় বীজ ব্যবসায়ী এবং অর্ধশতাধিক কৃষক। বক্তারা তাদের উদ্দেশ্যে বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহার করে পরিবেশের সুরক্ষা এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি কমানো সম্ভব। কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদনের ওপর জোর দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োগ পদ্ধতি, এর কার্যকর ব্যবহারের কৌশল এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকগণ জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের কর্মশালা অব্যাহত রাখা হবে।