সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান নলডাঙ্গায় হুইপ দুলুর

সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান নলডাঙ্গায় হুইপ দুলুর

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি।

শনিবার (৯ মে) বেলা ১২টায় নলডাঙ্গা পৌরভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও জ্বালানি তেলের সংকটের প্রভাব দেশের ওপরও পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নলডাঙ্গা পৌর এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ উন্নয়নের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁন, জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বক্তারা নলডাঙ্গার সার্বিক উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।