মো: আল-মাহফুজ শাওন:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারের কাছে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় আগুনের উৎপত্তি হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার এবং এসির বিস্ফোরণের শব্দ পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
সূত্র অনুযায়ী, ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের সংলগ্ন পোস্ট অপারেটিভ রুম ও আশেপাশের স্টোররুম থেকে আগুনের শুরু হয়। মুহূর্তে পুরো ফ্লোর কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। আতঙ্কিত রোগীরা, তাদের স্বজন ও হাসপাতালের কর্মীরা জীবন বাঁচাতে পালাতে শুরু করেন। অনেককেই দ্রুত নিচে নামিয়ে আনা হয়, আবার কিছু লোক জানালা দিয়েও লাফিয়ে পড়েন।
বিজ্ঞপ্তি পেয়ে ফায়ার সার্ভিসের ১০ থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার পরিশ্রমে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযানের সময় একজন ফায়ার সার্ভিস কর্মীসহ বেশ কিছু নার্স এবং রোগী আহত হয়েছেন। আহতদের মধ্যে নার্স রিপা ও শারমিনকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় করিডোরে পেছন দিক থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে। আগুনে পোস্ট অপারেটিভ রুম, জরুরি অপারেশন থিয়েটার বিভাগের বহু মানসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
ঘটনার পর হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস।
