মোঃ আল-মাহফুজ শাওন:
খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় রাজন হাওলাদার নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িতে করে গোয়ালখালী কবরখানা গেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়িতে ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি বুঝে রাজন হাওলাদার দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা তার কাছে থাকা নগদ অর্থ ও একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খালিশপুর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
