মো: আল-মাহফুজ শাওনঃ
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাজ্যেশ্বর দাশ (৬৫) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র দাশের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করতেন।
পুলিশের সূত্রে জানা গেছে, আশাশুনি থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় রাজ্যেশ্বর দাশকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। অনেক দিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সরাফপুর গ্রামের রাজ্যেশ্বর দাশের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি আরও জানিয়েছেন, আটক হওয়ার পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের আটক এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো তদন্ত করা হবে।
এদিকে, রাজ্যেশ্বর দাশের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

