নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান উন্নয়নের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার (১১ আগস্ট) দুপুর ১টার সময় নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া বিষ্ণুপুর মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই ভাগে বিভক্ত করে লিখিত কুইজ পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পর শিক্ষার্থীদের উত্তরপত্র সংগ্রহ করে যাচাই করা হয়। পরে ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শাহাবাদ মডেল থানা শিবিরের সভাপতি আল শাহারিয়া আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার এবং সদর উত্তর শাখার সভাপতি এইচ এম আবু তাহের। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, শিক্ষার্থীদের শুধু সাধারণ পদ্ধতিতে পড়াশোনা করলেই চলবে না; জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
তারা আরও বলেন, একজন মানুষের সফলতার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন করাও প্রয়োজনীয়। সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও নৈতিকতা অভাব থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতে সৎ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং তাদের মেধা উন্নয়নের সুযোগ তৈরি করতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরিবেশে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক ও উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

