এম এইচ কামাল, বাকেরগঞ্জ প্রতিনিধি :
মুঠোফোনে পরিচয়, এরপর চ্যাটিংয়ের মাধ্যমে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানেই প্রায় দেড় বছর পর চীনের জিয়াংসি প্রদেশ থেকে বরিশালের বাকেরগঞ্জে ছুটে এসেছেন ৩৫ বছর বয়সী জিয়াং।
ভালোবাসার মানুষ জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতিকে নিয়ে আনন্দে মেতেছে ইভার পরিবার।
জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। তার স্ত্রী জান্নাতুল ইসলাম ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কিনতে ঢাকার বসুন্ধরা সিটিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মাধ্যমেই মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয়।
এরপর চ্যাটিংয়ের মাধ্যমে দুজনের যোগাযোগ শুরু হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়।প্রায় দেড় বছর ধরে চলা সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ওই দিনই ইভার সঙ্গে তার প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের এফিডেভিট করেন তিনি। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন।
বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে যান ইভা। সেখানে গত ১০ সেপ্টেম্বর গায়েহলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে অনুষ্ঠিত হয় বৌভাত। চীনা জামাইকে ঘিরে আয়োজনে আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।
ইভা বলেন, ‘জিয়াং গ্রামের পরিবেশ খুব পছন্দ করেন। আমার বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাদের সেই ইচ্ছা পূরণ করতেই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।

