মোঃ আল মুনতাকিম:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূর বসতবাড়িতে ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত রবিবার (২৬ এপ্রিল) উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল বাগিনাপাড়া গ্রামের ভুক্তভোগী আয়েশা ছিদ্দিকা (২০) শাজাহানপুর থানায় ১২ জন নামীয় ও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করে অভিযোগ করেন। তিনি একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী ১৯ মাস কারাভোগ শেষে গত ৩০ মার্চ জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। এরপর থেকেই ১নং বিবাদী মোঃ আপেল ও ২নং বিবাদী মোঃ ইমন তার স্বামীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিলেন।
এর ধারাবাহিকতায় গত রবিবার দুপুর ১২টার দিকে অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগে বলা হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ভাঙচুরের সময় বাধা দিলে ভুক্তভোগী আয়েশা ছিদ্দিকা ও তার ৭০ বছর বয়সী শাশুড়ি মোছাঃ নাজমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ১২ জন নামীয় ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসআই ইয়াছিন আলী জানান, বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
