মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করা, অপরাধ দমন কাজকে এগিয়ে নেওয়া এবং মাঠপর্যায়ে পুলিশিং ব্যবস্থা আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই উদ্যোগের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং মহানগরীর সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) নতুন মোবাইল ফোন দেওয়া হয়।
কেএমপি সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ, দ্রুত তথ্য আদান-প্রদান এবং মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় আরও জোরদার করার জন্যই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘটনা ও অপরাধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
নতুন এই যোগাযোগব্যবস্থার ফলে থানা পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয় আরও কার্যকর হবে। একই সঙ্গে কোনো ঘটনা ঘটলে দ্রুত তথ্য পৌঁছানো এবং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কেএমপির এই উদ্যোগের মাধ্যমে—
– মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন;
– গুরুত্বপূর্ণ ঘটনা ও অপরাধের বিষয়ে দ্রুত তথ্য আদান-প্রদান;
– থানা ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের মধ্যে সমন্বিত কাজের হার বৃদ্ধি;
– অপরাধ দমন ও প্রতিরোধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ;
– দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যক্রমে নিরবচ্ছিন্ন মনিটরিং; এবং
– নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদান আরও সহজ হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি মাথায় রেখে কেএমপি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রতিটি ইউনিটের কার্যক্রমকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ করতে চাইছে।
বিশেষ করে মাঠপর্যায়ের পুলিশিংয়ে দ্রুত যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত হলে অপরাধের তথ্য দ্রুত সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার সময় কমবে। এতে নগরবাসী আরও দ্রুত পুলিশি সাহায্য পাবে।
কেএমপির কর্মকর্তারা মনে করছেন, শুধু প্রযুক্তি সরবরাহ নয়—এর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকি, পারস্পরিক সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে এ উদ্যোগকে কার্যকর করা হবে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কেএমপির সামগ্রিক ক্ষমতা আরও উন্নত হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত প্রচেষ্টা, দ্রুত প্রতিক্রিয়া এবং নিরবচ্ছিন্ন মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে কেএমপির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
“প্রযুক্তির সঙ্গে সমন্বিত পুলিশিং—নিরাপদ খুলনা গড়ার অঙ্গীকার।”

