বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কিউইরা। ইনিংসের শুরুতে ওপেনার কাটেনে ক্লার্ক ও টিম রবিনসনের জুটি মাত্র ১১ রান যোগ করে। রানআউটে শূন্য রানে ফেরেন রবিনসন।

এরপর ক্লার্কের সঙ্গে যোগ দেন ড্যান ক্লেভার। দুজন মিলে ইনিংস গুছিয়ে নেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পরে দুজনই ফিফটি করেন।

দলের ৯৯ রানের মাথায় ২৮ বলে ৫১ রান করে আউট হন ক্লেভার। ১১০ রানে ৩৭ বলে ৫১ রান করে ফেরেন ক্লার্ক। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন।

পরে বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট দ্রুত বিদায় নেন। জ্যাকবসকে ফেরান তানজিম হাসান সাকিব, আর ফক্সক্রফটকে আউট করেন শেখ মেহেদী হাসান।

চারে নামা নিক কেলি ২৭ বলে ৩৯ রানের ক্যামিও খেলেন। তাকে আউট করেন শরিফুল ইসলাম। শেষ দিকে জশ ক্লার্কসন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও রান তুলতে পারেনি কিউইরা।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট পান শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।