মো: আল হাসান, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বেসওয়া)-এর পক্ষ থেকে জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাইদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের ছমির রেস্তোরাঁর অডিটোরিয়ামে বেসওয়ার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ ও পুনর্বাসনে কার্যকারী ভূমিকা রাখার প্রত্যাশায় এমপির প্রতি শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “যারা দেশ রক্ষায় জীবনের শ্রেষ্ঠ সময়টি দিয়েছেন, তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।”
তিনি আরও বলেন, প্রাক্তন সেনাসদস্যরা শৃঙ্খলা, দেশপ্রেম ও সততার প্রতীক। সমাজ গঠনে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বেসওয়ার নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশা প্রকাশ করেন।

