জুলাই সনদ সংসদে অনুমোদনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই সনদ সংসদে অনুমোদনের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ নিয়ে যেসব শর্ত রয়েছে তার প্রতিটি বিষয়ই সংসদে অনুমোদন করা হবে। একই সঙ্গে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর সফরের অংশ হিসেবে উলাশী খাল পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি মহল জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব অপপ্রচারে জনগণ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এ বাস্তবতা কিছু পক্ষ মেনে নিতে না পেরে দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে যতই অপপ্রচার হোক, জনগণ বিএনপির পাশেই থাকবে।

আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের চাহিদাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।

অতীত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যশোর মেডিকেল কলেজের অনুমোদন বিএনপি সরকারের সময় হলেও পরবর্তীতে তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এখন সেই অসমাপ্ত কাজগুলো আবার শুরু করা হচ্ছে।

কৃষি ও সামাজিক উন্নয়ন নিয়ে তিনি জানান, কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে লাখো কৃষক এই সুবিধার আওতায় আসবে।

নারীদের ক্ষমতায়ন নিয়ে তিনি বলেন, পরিবারভিত্তিক কার্ড ও এলপিজি সুবিধার মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক সহায়তা বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও বৃত্তি কার্যক্রম চালু থাকবে।

তিনি আরও জানান, কর্মসংস্থান বৃদ্ধির জন্য বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিদেশে কাজের সুযোগ সম্প্রসারণ করা হবে। খেলাধুলার উন্নয়নে পেশাদার খেলোয়াড় তৈরির পরিকল্পনাও রয়েছে।

সবশেষে তিনি বলেন, দেশ গড়তে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ থাকলে দেশ আরও এগিয়ে যাবে।

জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।