খুলনা প্রেসক্লাবে হামলা, সড়ক অবরোধে সাংবাদিকদের প্রতিবাদ

খুলনা প্রেসক্লাবে হামলা, সড়ক অবরোধে সাংবাদিকদের প্রতিবাদ

মো: আল-মাহফুজ শাওন

খুলনা, রবিবার (২৬ এপ্রিল): খুলনায় খুলনা প্রেসক্লাব-এ ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ প্রেসক্লাবে প্রবেশ করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির মধ্যে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু হয়। একপর্যায়ে এক সাংবাদিকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। ঘটনার পরপরই প্রেসক্লাবে থাকা সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এ সময় বিভিন্ন সংগঠনের নেতারাও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান।

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করা হয়।