সিমাগোতে এগিয়ে, তবে THE র‍্যাঙ্কিংয়ে নেই বেরোবি

সিমাগোতে এগিয়ে, তবে THE র‍্যাঙ্কিংয়ে নেই বেরোবি

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৬ সালের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তবে আগের বছরের মতো এবারও তালিকায় জায়গা পায়নি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ দুই প্রতিষ্ঠান যৌথভাবে ৩০১–৩৫০ ব্যান্ডে অবস্থান করছে, যাদের সামগ্রিক স্কোর ৩৮.৩ থেকে ৪০.১-এর মধ্যে। এরপর ৩৫১–৪০০ ব্যান্ডে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। ৪০১–৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৫০১–৬০০ ব্যান্ডে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬০১–৮০০ ব্যান্ডে জায়গা পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে ৮০১+ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। উল্লেখ্য, গবেষণার মানদণ্ডে আন্তর্জাতিক সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ অবস্থানে থাকলেও টাইমস হায়ার এডুকেশনের ২০২৬ সালের তালিকায় স্থান পায়নি বেরোবি। ফলে টানা দ্বিতীয়বারের মতো এই র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকল বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান জানান, টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হতে নির্দিষ্ট কিছু তথ্য ও সূচক জমা দেওয়া বাধ্যতামূলক। যেমন শিক্ষকদের গবেষণা কার্যক্রম, গবেষণার ক্ষেত্র, পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা ইত্যাদি।

এসব তথ্য যথাযথভাবে প্রদান না করায় তালিকায় স্থান পাওয়া সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এসব তথ্য নিয়মিতভাবে প্রকাশ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *