জয়পুরহাটে অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু

জয়পুরহাটে অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু

মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহে স্বচ্ছতা আনতে এবং জনভোগান্তি কমাতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রবিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আল মামুন মিয়া।

জেলা প্রশাসক বলেন, ‘আজ থেকে জেলার সব তেলের পাম্পে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ করার নিয়ম স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব হবে। ’
তিনি আরও জানান, এখন থেকে জয়পুরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ ও সংগ্রহের যাবতীয় কার্যক্রম এই অ্যাপের মাধ্যমেই পরিচালিত হবে। ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের ব্যবহারের মাধ্যমে তেলের মজুত, চাহিদা এবং সরবরাহের সঠিক সময়ের তথ্য পাওয়া যাবে।

যা সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *