দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচরে বিক্ষোভ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচরে বিক্ষোভ

আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম:

আজ এস ইউ সি আই (সি) দলের কাছাড় জেলা কমিটি আসামের মুখ্যমন্ত্রীর প্রতি একটি স্মারকপত্র প্রদান করেছে, যাতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে।

জেলা আয়ুক্তের মাধ্যমে স্মারকপত্রটি পাঠানো হয়। স্মারকপত্র দেওয়ার আগে দলীয় সদস্য ও সমর্থকরা শিলচরের জেলা আয়ুক্তের অফিসের সামনে জমায়েত হয়ে শক্তিশালী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বর্তমানের সাধারণ মানুষের দুরবস্থার স্বরূপ তুলে ধরে সরকারের জনবিরোধী নীতি সম্পর্কে স্লোগান দেন।

এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) দলের কাছাড় জেলা কমিটির সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ এবং অজয় রায়। বক্তারা নির্দিষ্ট করেন, “এখন পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের বর্ধিত মূল্য সাধারণ মানুষের সীমার বাইরে চলে গিয়েছে। এর ফলে বাজারে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নেতৃবৃন্দ সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি করেন এবং সতর্ক করেন যে, সাধারণ মানুষের স্বার্থে যদি মূল্যবৃদ্ধি রোধ না করা হয় তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।

বিক্ষোভ শেষ হওয়ার পর দলের একটি প্রতিনিধিদল জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্রটি জমা দেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ, অঞ্জন কুমার চন্দ, হিল্লোল ভট্টাচার্য এবং বিজিত কুমার সিনহা।