সপ্তম পে কমিশনে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ সরকার

সপ্তম পে কমিশনে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ সরকার

সৌরভ দত্ত, কলকাতা:

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় সভার পর এই সিদ্ধান্তটি সাংবাদিকদের জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল।

যদিও ডিএ নিয়ে এদিনের সভায় কোনও আলোচনা হয়নি। তবে এটি অ্যাজেন্ডায় রয়েছে বলে জানালেন মন্ত্রী। রাজ্য সরকারের এই ঘোষণায় সরকারি কর্মীরা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট।

ছাব্বিশের নির্বাচনের আগে থেকেই ডিএ’র সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও, প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর কাছে এখনও ডিএ-এর টাকা পৌঁছায়নি। একই সময়ে, ভোটপ্রচারের মঞ্চ থেকে অমিত শাহ এবং পদ্মশিবিরের একাধিক নেতা ও মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর হবে। এর ফলে বেতন কাঠামোয় পরিবর্তন আসবে।

গত ৪ মে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের অনুযায়ী, রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে। প্রথমবারের মতো বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। গত ৯ মে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী। তারই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের ৯ দিনের মাথায় দ্বিতীয় সভায় সপ্তম পে কমিশনে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

সাধারণভাবে প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় ও রাজ্য পে কমিশন গঠন করা হয়। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। রাজ্য মন্ত্রিসভা সপ্তম পে কমিশনে সিলমোহর দেওয়ার পর বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ, পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সামঞ্জস্য রাখলে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে থাকতে পারে। ফলে, বর্তমানে যার বেসিক ১৮ হাজার টাকা, তা বেড়ে হতে পারে ৫২ হাজার থেকে ৫৬ হাজারের মধ্যে। এর ফলে, সপ্তম পে কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য পাল্টাবে, তা বলাই বাহুল্য।