যুক্তরাষ্ট্রে ইরান-সংক্রান্ত সাইবার হামলার অভিযোগ

যুক্তরাষ্ট্রে ইরান-সংক্রান্ত সাইবার হামলার অভিযোগ

হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানকে নির্দিষ্ট সময়সীমা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান-সংযুক্ত সাইবার হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইরান-সংক্রান্ত হ্যাকাররা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার লক্ষ্য করছে।

সংস্থা সতর্ক করেছে, হামলার কারণে ইতোমধ্যেই কিছু অপারেশনাল ব্যাঘাত ও আর্থিক ক্ষতি হয়েছে। হ্যাকাররা ডেটা ও কন্ট্রোল ডিসপ্লে বিকৃত করে সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।

প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্ক ও ডিভাইস পর্যালোচনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। হামলার প্রথম ধাপের সঙ্গে CyberAv3ngers গোষ্ঠীর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মতে, গোষ্ঠীটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাইবার কমান্ডের সঙ্গে যুক্ত।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ব্যর্থ হলে সভ্যতায় ভয়াবহ প্রভাব পড়তে পারে।

ট্রাম্পের মন্তব্যে আন্তর্জাতিক ও দেশীয় সমালোচনার ঝড় ওঠে। সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা অ্যান্থনি স্কারামুচি সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেন, তিনি পারমাণবিক হামলার ডাক দিচ্ছেন, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

বিশ্লেষকরা মনে করেন, হরমুজ প্রণালি, সামরিক উত্তেজনা ও সাইবার হামলা মিলিয়ে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি জটিল হলে জ্বালানি, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তার ওপর প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *