আহসান হাবিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অনির্দিষ্টকালের অফিস ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের কর্মচারীরা ন্যায্য বেতন-ভাতা এবং প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মামুনার রশিদ, রানার চৌধুরী (গোপালপুর), তাজিমুল ইসলাম (পোস্টমাস্টার, ময়েনপুর-কদমতলা) এবং ঈসামিয়া রানার (সেরডাঙ্গা)।
আন্দোলনকারীদের দুই দফা দাবি হলো—
- শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি।
- বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট ও আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
সংগঠনের তথ্যমতে, সারাদেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের ২৩ হাজার ২১ জন কর্মচারী এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

