কোরবান আলী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার বহুল আলোচিত ইলেকট্রিক মিস্ত্রি মঞ্জুরুল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মহাব্বত আলী (৩১) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। প্রায় সাড়ে তিন মাস ধরে পলাতক থাকার পর ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিখোঁজ হওয়ার দুই দিন পর আলুক্ষেতে মাটি খুঁড়ে মঞ্জুরুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়, যা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গোপন করতে আলুক্ষেতে পুঁতে রাখা হয় এবং নিহতের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
দীর্ঘ তদন্ত, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
