মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-এ বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে নির্যাতনের অভিযোগে আজিজুল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় অভিযোগটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ১২ মার্চ রাতে অভিযুক্ত গোপনে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তাকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক নির্যাতন করে। এরপর থেকেই অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেয় এবং ভুক্তভোগীর নম্বর ব্লক করে রাখে।
পরে গত ২১ এপ্রিল রাতে ভুক্তভোগী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে, সেখানে উপস্থিত অন্য আসামিরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন সম্পর্ক রেখে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তাকে অস্বীকার করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
