মোঃ আলমগীর হোসাইন ,স্টাফ রিপোর্টার:
গণভোটে প্রদত্ত জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মে) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার বিলম্ব করছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। একই দিনে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হলেও গণভোটের ফলাফলের যথাযথ প্রতিফলন ঘটেনি বলে তারা অভিযোগ করেন। এছাড়া সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করাকে জনমতের প্রতি অবজ্ঞা হিসেবে উল্লেখ করেন বক্তারা। তারা আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে অবিলম্বে গণভোটের রায় কার্যকর করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
