মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় শ্রমিক অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
