রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভূল্লী থানার একটি দল উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি পান্তাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ ফারুক হোসেন (২৬) ও মোঃ সজীব ইসলাম (১৮) নামের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ট্যাবলেট নেশাজাতীয় মাদক হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
