সিজারের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, রংপুরে চিকিৎসককে ঘিরে বিতর্ক

সিজারের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, রংপুরে চিকিৎসককে ঘিরে বিতর্ক

মোঃ আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার:

রংপুরে এক প্রসূতির সিজার অপারেশনের পর পেটে গজ কাপড় রেখে সেলাই করার অভিযোগ উঠেছে এক গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বড় আমবাড়ি গ্রামের গৃহবধূ হাবীবা জান্নাত প্রায় ৪১ দিন ধরে তীব্র পেটব্যথায় ভুগছিলেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ৮ মার্চ রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার সিজার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই তিনি অসহনীয় পেটব্যথা ও নানা জটিলতায় ভুগতে থাকেন। বিষয়টি চিকিৎসককে জানালে তাকে আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়। তবে রিপোর্ট দেখার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

পরবর্তীতে অন্য এক চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান করা হলে তার পেটে কাপড়জাতীয় একটি বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।

ভুক্তভোগীর স্বামী শাওন মিয়া অভিযোগ করেন, বিষয়টি জানানো হলেও সংশ্লিষ্ট চিকিৎসক গুরুত্ব দেননি। পরে বাধ্য হয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালে পুনরায় অস্ত্রোপচার করে পেট থেকে গজ অপসারণ করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার সহকারী জানান, চিকিৎসক ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দায়িত্বে অবহেলা হয়েছে কিনা তা যাচাই করা হবে এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *