নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আয় বাড়িয়ে তাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা।

