আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কবি ও গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি অ্যাওয়ার্ড, রত্নগর্ভা মা, গর্বিত আদর্শ পিতা, একান্নবর্তী সুখী পরিবার, সাদা মনের মানুষ, আবৃত্তি, সেরা সংগঠক, অনন্য মানবিক সংগঠন, সেরা গীতিকার ও সুরকার এবং সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
এবারের আয়োজনে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর খিরসীন এলাকার কবি, গীতিকার ও সমাজসেবক মো. গুলজার রহমান সাহিত্য ও সংস্কৃতিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড” লাভ করেন।
জানা যায়, মৃত কছিমুদ্দিন ও মৃত মোমেনা বেগমের সন্তান গুলজার রহমান শৈশব থেকেই কবিতা, গান, গজল ও ইসলামী সংগীত রচনা এবং সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। পেশায় কৃষক হলেও তিনি সমাজসেবা ও চিকিৎসাসেবার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আন্তর্জাতিক কবি পরিষদের চেয়ারম্যান, কবি ও গবেষক মোহাম্মদ আনোয়ার হোসেন।
সম্মাননা প্রাপ্তির পর গুলজার রহমানের এই অর্জনে নওগাঁসহ বিভিন্ন এলাকার সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

