মো. আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুত নামে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
পুলিশ জানায়, আটক হওয়া যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিরো নানা’ নামে পরিচিত। সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা নাগরিকের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটির ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রকাশ করলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই দেশের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার বিষয়টি নজরে আসার পর ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিট দ্রুত তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আব্দুল মাবুত ওরফে ‘হিরো নানা’কে আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে নওগাঁর বদলগাছী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের পর্যটন খাতের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের দ্রুত আইনগত ব্যবস্থা ভবিষ্যতে পর্যটনকেন্দ্রগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

