বিশেষ প্রতিনিধি:
বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণে বগুড়ার শেরপুর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এ কর্মসূচির আয়োজন করে। আইএফএডি ও বিশ্বব্যাংক-এর অর্থায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়াজ কাযমির রহমান, সিনিয়র কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদন, কম খরচে চাষাবাদ এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চারটি প্রদর্শনী স্টলে আধুনিক কৃষিপদ্ধতি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল সম্পর্কে জানতে পেরেছেন।
কৃষি কর্মকর্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে স্থায়ী ফার্মার সার্ভিস সেন্টার গড়ে তুলে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
