পত্নীতলায় নান্দাশ বিলে আকস্মিক পানি বৃদ্ধি: কৃষকের হাহাকার, তলিয়ে যাচ্ছে কষ্টের ধান

পত্নীতলায় নান্দাশ বিলে আকস্মিক পানি বৃদ্ধি: কৃষকের হাহাকার, তলিয়ে যাচ্ছে কষ্টের ধান

আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ বিলে আকস্মিক পানি বৃদ্ধিতে শত শত বিঘা জমির আধপাকা ও পাকা ধান তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

জানা গেছে, হাঁটু সমান পানির নিচে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট ও বাড়তি খরচের মুখে পড়ছেন কৃষকরা। এ অঞ্চলের প্রায় ৮৫ শতাংশ মানুষ ধান চাষের ওপর নির্ভরশীল হওয়ায় হঠাৎ পানি বৃদ্ধি তাদের বড় ধরনের বিপদে ফেলেছে।

কৃষকরা জানান, অতিরিক্ত পানির কারণে শ্রমিকরা কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না। যারা কাজ করছেন, তারা বেশি মজুরি দাবি করছেন। ভেজা ধান কাটা ও মাড়াই করতেও বাড়তি খরচ গুনতে হচ্ছে।

অন্যদিকে বাজারে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান আরও বাড়ছে। ভেজা ধানের কারণে ব্যবসায়ীরা দাম কমিয়ে দিচ্ছেন বলে অভিযোগ কৃষকদের।

এক ভুক্তভোগী কৃষক বলেন, হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে ধান কাটা কঠিন হয়ে পড়েছে। খরচ বাড়ছে, কিন্তু বাজারে দাম নেই—ফলে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তা, ভর্তুকি এবং পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে এ অঞ্চলের কৃষিনির্ভর জনগোষ্ঠী বড় সংকটে পড়বে।