পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে সুমন ঘোষ নামের একজন মিষ্টি ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) চাটমোহর পৌর এলাকার নতুন বাজারে এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
স্থানীয় একটি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন ঘোষের মিষ্টির দোকান ও কারখানায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি অনেক দিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করছিলেন।
অভিযানকালে কারখানা থেকে কেমিক্যাল, জেলি, কস্টিক সোডা, ব্লেন্ডার, বিভিন্ন ধরনের তেল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে দুধ ও বাচ্চাদের খাবার তৈরির অভিযোগও পাওয়া যায়।
স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টর জানান, ভেজাল দুধ ও এসব উপকরণ ব্যবহার করে তৈরি খাবার মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হতে পারে। নিয়মিত এসব ভেজাল খাবার খেলে হৃদ্যন্ত্র, কিডনি, ফুসফুসসহ শরীরের নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
অভিযান শেষে মোবাইল কোর্ট প্রচলিত আইন অনুযায়ী সুমন ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাকে জেল ও জরিমানা করে।
চাটমোহর উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাবার উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলতে থাকবে।

