আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি গতকাল রাতে নজিপুর-সাপাহার সড়কের পেঁজাপাড়া এলাকায় ঘটে।
নিহত ও আহত উভয়ের বাড়ি সাপাহার উপজেলার ওড়নপুর এলাকায় বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নজিপুর থেকে সাপাহারের দিকে যাওয়া একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

