মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের বাউনজানপাড়া গ্রামে ‘সজীব দুধ’ নামের একটি প্রতিষ্ঠানে নকল দুধ ও নকল দুধ তৈরিতে ব্যবহৃত জেলি সহ বিভিন্ন যন্ত্রপাতির পাওয়ার অভিযোগ এসেছে।
স্থানীয়দের দাবি, ওই প্রতিষ্ঠানে নকল দুধ বানানোর বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি রাখা ছিল। বিষয়টি জানার পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে কথিত নকল দুধ এবং তৈরির উপকরণ দেখেন। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার সজীব ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ।
পরে স্থানীয়দের পক্ষ থেকে সাংবাদিকদের খবর দেওয়া হলে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ম্যানেজার সেখানে থেকে চলে যান বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে কথিত নকল দুধ তৈরির কিছু রাসায়নিক ও উপকরণ ধ্বংস করে ফেলা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা কথিত ভেজাল দুধ আটক করে রাখেন।
ঘটনাটি সম্পর্কে জানতে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে দায়ী কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টির সঠিক তদন্ত করে নকল দুধ তৈরি করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া দুধ ও রাসায়নিক উপকরণ পরীক্ষা করে সেগুলো আসলেই ভেজাল বা মানবদেহের জন্য ক্ষতিকর কি না, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
তবে এ ঘটনার ‘সজীব দুধ’ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের তদন্তের পরই নকল দুধ তৈরির অভিযোগের প্রকৃত সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

