মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার বিচারিক আমলী ৪ নম্বর আদালতে এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে স্বামীসহ চারজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৭ নভেম্বর পারিবারিকভাবে রাবেয়া সুলতানার সঙ্গে মো. আব্দুস সালামের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫ লাখ টাকা এবং বিভিন্ন আসবাবপত্র দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত আব্দুস সালামের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব মেরং লোয়া এলাকায়। অপরদিকে, অভিযোগকারী রাবেয়া সুলতানার বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার আদাবাড়িয়া গ্রামে।
মামলায় দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত যৌতুকের দাবিতে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান জন্ম নিলেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৫ মে অভিযুক্তরা আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
এছাড়া, গত ২০ জুন অভিযোগকারীর বাবার বাড়িতে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুনরায় ২ লাখ টাকা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপমান করা হয় এবং সংসারে না রাখার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় পাবনার বিচারিক আমলী ৪ নম্বর আদালতে মামলা দায়ের করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

