মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা নদীতে ২৪ ঘণ্টার জন্য দুটি ফেরি চলাচল শুরু হয়েছে। এর ফলে মোংলা বন্দর ও ইপিজেডের ১৪ হাজার শ্রমিক ও সাধারণ রোগীসহ বিভিন্ন পেশার মানুষের জন্য সুবিধার সৃষ্টি হবে, জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
শনিবার (২৭ জুন) সকাল ৮ টার সময় মোংলা ফেরি ঘাটে এই ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, তিনি চান মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুটি ফেরির চলাচল হোক। তিনি লক্ষ্য করেছেন যে, ইপিজেডের শ্রমিকদের দুর্ভোগের শেষ নেই। অধিকাংশ দুর্ঘটনা ঘটে তাদের পারাপারের সময়। তাই সকালে ৭টা থেকে ৮টার মধ্যে দুই দিক থেকে ফেরি বের হবে, যাতে শ্রমিকরা সহজে পার হতে পারে। ঠিক একইভাবে অফিসের ছুটির সময়ে দুই দিক থেকে ফেরি চলাচল করবে। এছাড়া ফেরির চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে।
এমপি বলেন, ফেরির নির্দিষ্ট ভাড়া রয়েছে। সেই ভাড়া চার্ট আকারে প্রদর্শন করতে হবে। চার্ট না থাকলে সেদিন ভাড়া দিতে হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, সড়ক বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিগণ।
উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চালু হলেও তখন শুধুমাত্র জোয়ারের সময় একটি ফেরির সার্ভিস হত। দীর্ঘ ২৩ বছর পর এবার প্রথমবার দুটি ফেরি সার্ভিস কার্যকর হলো।

