মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
আগামী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের জামায়াতে ইসলামীর মেয়র হিসেবে অধ্যাপক মাহফুজুর রহমানের নাম আসতে চলেছে।
সোমবার (২২ জুন) দেশের রাজধানীতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দেশের নানা সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়রদের সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় খুলনা সিটি করপোরেশনের জন্য অধ্যাপক মাহফুজুর রহমানের নাম অনুমোদিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সূত্র অনুযায়ী, অধ্যাপক মাহফুজুর রহমান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খুলনা মহানগর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অনেক বছর ধরে তিনি শহরের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
জামায়াতের প্রধান নির্বাহী পরিষদের সভায় দেশের আটটি সিটি করপোরেশনের জন্য প্রাথমিকভাবে মেয়র প্রার্থীদের নাম নির্ধারণ করা হয়। তবে এদের নাম জামায়াতের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানানো হয়।
খুলনায় অধ্যাপক মাহফুজুর রহমানের প্রার্থিতা ঘোষণার ফলে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহ বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছেন, আগামি সিটি নির্বাচনে জামায়াত একটি শক্তিশালী প্রতিযোগিতা প্রতিষ্ঠা করতে পারবে। অন্য দিকে, রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অনেক আলোচনা চলছে।
জামায়াতের নেতারা জানান, আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত অনুমোদনের পর নির্বাচনী প্রস্তুতি আরো দৃঢ় করা হবে এবং শহরবাসীর সামনে দলের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হবে।

