রাকিবুল হাসান, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে “জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ” (জিআরডিআরআরআইবি) প্রকল্পের অধীনে “জেন্ডার রেসপনসিভ গভর্ন্যান্সের ওরিয়েন্টেশন” আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল বেলা উপজেলা কৃষি অফিসের হল রুমে এই প্রশিক্ষণ সেশনটি অনুষ্ঠিত হয়। এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব প্রতিষ্ঠার এবং জেন্ডারবান্ধব সুশাসন সৃষ্টির উদ্দেশ্যে বিন্দু নারী উন্নয়ন সংস্থা একটি দিনব্যাপী কার্যক্রমের আয়োজন করে।
জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেলিনা আক্তারের সভপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পিআইও কর্মকর্তার প্রতিনিধি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. নাজমুল কবীর, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত বক্তব্য দেন। প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার ও ফোকাল কানিজ শাইমার অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্রতাপ কুমার শীল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
আয়োজনকারীরা জানান, উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্যোগের সময় এবং পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য এই জেন্ডার রেসপনসিভ সুশাসন অপরিহার্য।
ওরিয়েন্টেশনে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের নেতৃত্ব আরও শক্তিশালী করতে এবং জেন্ডার সমতা বজায় রেখে টেকসই দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে জিহা সদস্য, সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যগণ, ইপিজি লিডার, স্থানীয় নারী নেত্রী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

