রাকিবুল হাসান শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
মাদকাসক্তির বিরূপ প্রভাব থেকে যুবদের রক্ষা করতে এবং খেলাধুলার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যকর সমাজ নির্মাণের উদ্দেশ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে কুলতলী গ্রামের বিল মাঠে জেলেখালি ভাই ভাই সংঘ একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
রবিবার (২১ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের তরুণরা আনন্দমুখর পরিবেশে খেলায় যোগ দেয়।
উপস্থিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য মাদকবিরোধী সচেতনতা বিষয়ক বক্তব্য প্রদান করেন। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
এসময় জেলেখালি ভাই ভাই সংঘের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। আয়োজকরা উল্লেখ করেন, বর্তমান সময়ে যুবকদের মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য খেলাধুলাই একমাত্র উপায়। তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বিশিষ্টজন ও ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে জানান, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে যুবসমাজ মাদক থেকে দূরে থেকে দেশের এবং সমাজের উন্নয়নে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

