বেনাপোলে গুলিবর্ষণের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

বেনাপোলে গুলিবর্ষণের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

মালিকুজ্জামান কাকা:

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থল বন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী সোহাগ হোসেন তার বাসায় হামলা ও গুলির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে তিনি এই সম্মেলন করেন।

পূর্ববর্তী একটি ব্যবসায়িক উত্তেজনার কারণে পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলাটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেছেন, ৫ জুন রাত ১০টার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাড়িতে ছিলেন। এই সময় ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ তার বাড়ির সামনে এসে তাকে  গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা ঘরের জানালা ও দরজায় গুলি চালায়।

তিনি জানিয়েছেন, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেয়ালে গিয়ে লাগে। এছাড়া অন্যান্য গুলি ঘরের বিভিন্ন স্থানে আঘাত করে। লাইট নিভিয়ে তিনি মেঝেতে শুয়ে পড়েন। আল্লাহর কৃপায় তিনি এবং তার পরিবার নিরাপদ রয়েছে। হামলাকারী সাইদ এবং তার সাথে থাকা কিছু আওয়ামীলীগের পরিচিত সদস্য। পুলিশ এখনও সংঘটিতদের ধরতে পারেনি। সাঈদর কাছে সোহাগ ও তার পার্টনারের প্রায় ৮৫ লাখ টাকার দেনা রয়েছে। এই পাওনাটা না দিতে সাঈদ চক্র বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। তারা এলাকায় আওয়ামীলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত।

সোহাগ হোসেন বলেন, তাকে চক্রান্ত করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই কারণে তার পরিবার বর্তমানে কঠিন আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা এবং অন্যান্য আলামত উদ্ধার করে। বাসার আশপাশ এবং বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আইয়ুব হোসেন এবং রফিকুল ইসলাম রয়েল উপস্থিত ছিলেন।