খন্দকার আলী আবীর, নড়াইল:
নড়াইলে ডেঙ্গু রোগের প্রতিরোধে জনসচনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে জেলা হাসপাতালের প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। এরপর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশ নেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গাফফার, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসক অফিসের স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবীর, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার, সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজল কুমার বকসী, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক আলিমুজ্জামান সেতু সহ আরও বেশ কিছু চিকিৎসক।
সচেতনতামূলক এই সভায় বক্তারা বলেন, ‘এডিস মশার বৃদ্ধি রোধ করতে বাড়ির আঙিনাসহ আশপাশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির ভেতরে বা আঙিনায় ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে ৫ দিনের বেশি যেন পানি জমা না থাকে সেদিকে মনোযোগ দিতে হবে। অব্যবহৃত পাত্রগুলো উল্টানো উচিত এবং জমে থাকা পানিতে মশার ডিম নাশ করার জন্য পাত্রের গা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। সেই সাথে এডিস মশার কামড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে হবে। সকলকে আহ্বান জানানো হয়।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশার লোকজন যোগদান করেন। এছাড়া লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলায় একই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
