মো: আল-মাহফুজ শাওন
খুলনা :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে দলীয় ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন, যেখানে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এমন মনোনয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার পর সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ এই মনোনয়ন পেয়েছেন সুবর্ণা ঠাকুর। এতে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন তারা। নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক হলেও অন্য দল থেকে এসে দ্রুত সংসদে যাওয়ার সুযোগ পাওয়া হতাশাজনক। তারা ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবি জানান।
অভিযোগের বিষয়ে সুবর্ণা ঠাকুর বলেন, আওয়ামী লীগের ওই কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই দেওয়া হয়েছিল এবং বিষয়টি তার জানা ছিল না।
উল্লেখ্য, এবারের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি মোট ১,০২৫টি মনোনয়নপত্র বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়ে। সেখান থেকে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
