যশোর বোর্ডে মঙ্গলবার শুরু এসএসসি, খুলনায় প্রস্তুতি শেষ

যশোর বোর্ডে মঙ্গলবার শুরু এসএসসি, খুলনায় প্রস্তুতি শেষ

মো. আল-মাহফুজ শাওন

খুলনা:

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় খুলনায় মোট ২৬ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ পরীক্ষা শুরু হবে।

জেলায় একাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—জিলা স্কুল, মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক কলেজ, নৌবাহিনী স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুল, কেডিএ খানজাহান আলী স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *