বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পের সরকারি সীমানা প্রাচীর কেটে অবৈধভাবে যাতায়াতের পথ তৈরি এবং এলাকায় মাদক বিক্রয় ও অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ হোগলডাঙা গ্রামবাসী। লিখিত অভিযোগের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-র কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার হোগলডাঙা গ্রামের মৃত আঃ খালেক শেখের স্ত্রী লাকি বেগম খানজাহান আলী বিমানবন্দরের সরকারি সীমানা প্রাচীর কেটে তাদের নিজস্ব বাড়িতে যাওয়া-আসার পথ তৈরি করেছেন। এতে সরকারি সম্পদে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, লাকী বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বহিরাগতদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত। এলাকার সচেতন লোকজন এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে বিবাদীরা তাদের ওপর চড়াও হন, অশ্লীল আচরণ করেন এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন।
গ্রামবাসীর দাবি, এই অপকর্মের কারণে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অভিযোগের বিষয়ে লাকি’র ব্যাবহৃত মুঠোফোন ০১৯৮৮৪৮**৫৯ নম্বরে কল করলে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি ।
এ ব্যাপারে রামপাল থানা ওসি (তদন্ত) সুব্রত পাল জানান, গ্রামবাসির মাধ্যমে অনুলিপি পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে ।
উল্লেখ্য, খানজাহান আলী বিমানবন্দরের সরকারি প্রাচীর কেটে পথ তৈরির অভিযোগে একই গ্রামের মৃত ইউসুফ আলী সেখের পূত্র মোঃ রেজাউল শেখের নামও অভিযোগ পত্রে উল্লেখ করা হয় ।

