মো: আল-মাহফুজ শাওনঃ
খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর, সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের নেতারা।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর, চেয়ারম্যানের অফিসে সাবেক ভিপি ও বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম জহির, মোহাম্মদ মারুফ রশিদ এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নতুন চেয়ারম্যানের সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতকালে খুলনা ওয়াসার কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নিরাপদ ও মানসম্পন্ন পানির সরবরাহ নিশ্চিত করা এবং নগরবাসীর প্রত্যাশা পূরণের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা খুলনা ওয়াসাকে আরও কার্যকরী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তারা এই বিষয়ে আশাবাদী।
জবাবে, চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা ওয়াসার সেবার মানের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নগরবাসীকে উন্নত সেবা দেওয়া তাঁর মূল অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে, চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবনের এবং সফল দায়িত্ব পালনের জন্য সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

